এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে উদযাপিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে (৩০এপ্রিল বুধবার) পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় ও জেলা অফিস বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজকের দিবসের উদ্দেশ্য হলো শব্দ দূষণ যাতে না হয়। মহানগরীর লক্ষ্মীপুরে কোলাহল বেশি থাকলেও রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। সেখানে হর্ন বাজায় শুধু অ্যাম্বুলেন্স। মহাসড়কে বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের হর্ন দেওয়া হয় মানুষকে সতর্ক করার জন্য। অ্যাম্বুলেন্সের হর্নে কোনো শব্দ দূষণ হয় না। রেলের হনের্র মতো কিছু কিছু শব্দ অভ্যাস হয়ে যাবে তবে রাজশাহীতে আমাদের আপাতত কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি। ঢাকার সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় যে পরিমাণ শব্দ দূষণ হয় সে তুলনায় রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। নগরীর রেলগেটে নির্মিতব্য ফ্লাইওভার এর কারণে সৃষ্ট যানজট ও শব্দ দূষণ প্রসঙ্গে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলগেটে পারাপার হতে অনেক সময় লাগে। এখানে সমস্যা রয়েছে। নগরবাসীকে আরও কিছুদিন কষ্ট করে অপেক্ষা করতে হবে। এ নির্মাণ কাজ সম্পন্ন হতে কিছুদিন সময় লাগবে। পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিবের সভাপতিত্বে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত ঘোষ দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।