ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জন আটক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ আজ সন্ধ্যায় গাজীপুর দিয়ে গাড়িতে যাওয়ার সময় হামলার শিকার হন।

গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান বলেন, হাসনাত যখন গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছিলেন, তখন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় গাড়িটি ভাঙচুর করা হয় এবং হাসনাতের হাতে আঘাত লাগে।

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বাসসকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পেছন থেকে একদল লোক আমার গাড়িতে হামলা চালায়। আমার বাম হাতে গাড়ির ভাঙা কাচ লেগেছে।’

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মো. নিজাম উদ্দিন ও মাসুম আহমেদ দিপু নামে দুজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার হামলার ঘটনার পর পুলিশের অভিযানে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল হাসান। আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

ডিসি রবিউল হাসান বলেন, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(বাসস)

;