রেজাউল করিম লিটন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার ব-বিল কবরস্থানের সীমানা প্রাচীর মেরামত করার সময় চলন্ত ট্রাক চাপায় নির্মাণ শ্রমিক টুকু (৬৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত টুকু একই উপজেলার ইসলামপুর গ্রামের মরহুম হারান আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, ঘটনার সময় নির্মাণ শ্রমিক টুকু বন্ডবিল কবরস্থানের সীমানা প্রাচীর মেরামতের কাজ করছিল।
এ সময় চুয়াডাঙ্গা হক ফিলিং স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রাক আলমডাঙ্গা উত্তরা ফিলিং স্টেশনে আসার সময় পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে টুকু গুরুতর আহত হয়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের সঙ্গে চালক চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলামকে (৪৫) আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।