বিশেষ প্রতিনিধিঃ
দেশে অন্তবর্তিকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পরই বিভিন্ন সেক্টরে পদবঞ্চিত কর্মকর্তা /কর্মচারী চাকুরী,সুযোগ সুবিধা ও পদোন্নতি বঞ্চিতদের ন্যায় বিচার পেতে দাবী দাওয়া নিয়ে সামনে আসতে দেখা করা যাচ্ছে।
ডেসকোর মতো একটি স্বনামধন্য রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে এখনও পদোন্নতি বঞ্চিত হবার ঘটনা ঘটছে। অভিযোগ পাওয়া যাচ্ছে ডেসকোতে সাবেক স্বৈরাচারী সরকারের দোসরেরা এখনো এতটাই সক্রিয় যে, তাদের কাউকেই পরোয়া করার প্রয়োজন পড়ে না।সাম্প্রতিক পদোন্নতির ঘটনা তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত ।
সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের(কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখা)স্মারক নং-২৭.০০.০০০০.০৮৮.৩৩.০০১.২০২০. ৫৬৬, তারিখঃ ১৫ আগষ্ট ২০২৪ এর মাধ্যমে জারিকৃত অফিস আদেশ অনুযায়ী ডেসকোর পরিচালনা পর্ষদের ০৪(চার)জন পরিচালককে অব্যাহতি প্রদান করা হয়। অপরদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ -১ শাখার স্মারক নং-০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২৪. ৭২১, তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৪ মোতাবেক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ডেসকোর পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান ড.সৈয়দ মাসুদ আহমেদ চৌধুরী, এনডিসি – কে বিদ্যুৎ বিভাগ হতে বদলী করা হয়। তাঁর দপ্তর পরিবর্তন হলেও ডেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বহাল থাকার এবং অসম্পূর্ণ পরিচালনা পর্ষদের সুযোগে তিনি ০৩(তিন)জন সিনিয়র কর্মকর্তাকে বঞ্চিত করে জুনিয়র কর্মকর্তাকে প্রধান প্রকৌশলী পদে এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করেছেন ।
পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলেন প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী। প্রকৌশলী আবদুস সালামের ডেসকোতে যোগদান ১৯৯৯ সালে। তিনি ১৯৯৮ সালে যোগদানকৃত তিনজন সিনিয়র তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ডিঙ্গিয়ে ডেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ডেসকোর বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর নাহিদ আহসান এর আর্শীবাদে এই পদোন্নতি লাভ করেছেন।পদোন্নতি বঞ্চিত হলেন তিনজন সিনিয়র, প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, প্রকৌশলী এ.বি.এম.নজিবর রহমান। তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাঃ প্রকৌশলী মোঃ গোলাম রব্বানী সম্পর্কে জানা যাচ্ছে ডেসকো বোর্ডের বিগত ২২ আগস্ট ২০১০ ও ৩১ আগস্ট ২০১০ তারিখে অনুষ্ঠিত ১৭২ ও ১৭৩ তম বোর্ড সভায় যার নিয়োগই অবৈধ হিসেবে ঘোষিত হয়েছিল ।অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতি প্রদানের কারনে ডেসকোতে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে । তাদের বিশ্বাস ডেসকোতে ফ্যাসিবাদীদের আমলাতন্ত্রের শিকড় অনেক গভীরে!